সুনামগঞ্জ সদর উপজেলায় বাড়ির আঙিনায় শুকাতে দেওয়া ধান বৃষ্টির হাত থেকে রক্ষা করতে গিয়ে বজ্রপাতে আঁখি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়াপাড় গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আঁখি আক্তার নলুয়াপাড় গ্রামের জাহির উদ্দিনের মেয়ে। সে স্থানীয় ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনের খোলা আঙিনায় (খলায়) শুকাতে দেওয়া ধান দ্রুত ঘরে তোলার চেষ্টা করছিল আঁখি। কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টির সময় ধান সরাতে গিয়ে বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দশম শ্রেণির এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, আবহাওয়া অফিস আজই ১৮ জেলায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছিল।
