মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মাঝেই লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। সোমবার (৯ মার্চ) লেবাননের রাজধানী বৈরুতজুড়ে ‘আল কার্দ আল হাসান’ নামক একটি আর্থিক প্রতিষ্ঠানের বেশ কয়েকটি শাখায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
স্থানীয় সময় দুপুর নাগাদ বৈরুতের বিভিন্ন স্থানে অবস্থিত এই প্রতিষ্ঠানের অন্তত তিনটি শাখা লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে শক্তিশালী বিস্ফোরণে ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল।
ইসরায়েলের দাবি, ‘আল কার্দ আল হাসান’ নামক এই প্রতিষ্ঠানটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ডে অর্থায়ন করে থাকে। হিজবুল্লাহর আর্থিক সক্ষমতা ধ্বংস করতেই এই ‘প্রতিরোধমূলক’ হামলা চালানো হয়েছে বলে জানায় ইসরায়েল।
অন্যদিকে হিজবুল্লাহ এই প্রতিষ্ঠানটিকে একটি সাধারণ ব্যাংক হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, এটি লেবাননজুড়ে সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের আর্থিক সেবা দিয়ে থাকে। এই হামলার মাধ্যমে ইসরায়েল লেবাননের সাধারণ জনগণের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে গোষ্ঠীটি।
সূত্র: বিবিসি বাংলা
