ভোররাতে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ; মণিপুরে ৫.২ মাত্রার কম্পন রেকর্ড

ভারতের মণিপুরে সংঘটিত একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টা ৩১ মিনিটে দেশে এই ভূকম্পন অনুভূত হয়। ভোরে ঘুমের মধ্যে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৩১ মিনিট) মণিপুরের কামজং এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.০ এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

ভোরবেলা এই মৃদু কম্পন অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট দিয়ে কম্পনের সত্যতা জানতে চান। বিশেষ করে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের বাসিন্দারা কম্পন অনুভূত হওয়ার কথা জানান। তবে গভীরতা বেশি হওয়ায় বাংলাদেশে এর প্রভাব মৃদু ছিল এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি গভীরতার এই ভূমিকম্পের কারণে জানমালের ক্ষতির সম্ভাবনা কম থাকলেও আফটার শকের বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *