রাজধানীর জ্বালানি তেলের বাজারগুলোতে সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিনের সংকটের রেশ কাটতে শুরু করেছে। তেলের জন্য পাম্পগুলোতে এখনও গ্রাহকদের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও আগের তুলনায় ভোগান্তি ও দীর্ঘ অপেক্ষার চাপ অনেকটাই কমে এসেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, পাম্পগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। পর্যাপ্ত মজুত থাকায় পাম্প কর্তৃপক্ষ গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন সাধারণ মানুষ।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে তেল সরবরাহ প্রক্রিয়া স্বাভাবিক। তবে ‘ফুয়েল পাস’ বা ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে তেল সরবরাহে সামান্য কিছু বাড়তি সময় ব্যয় হচ্ছে, যা বড় কোনো সংকট তৈরি করছে না। তারা আরও জানান, বাজারে সরবরাহ বাড়ার খবর ছড়িয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে থাকা আতঙ্ক কমতে শুরু করেছে, ফলে পাম্পগুলোতে অহেতুক ভিড়ও কমে আসছে।
জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, যদি তেলের এই ধারাবাহিক সরবরাহ বজায় থাকে এবং মজুত পর্যাপ্ত থাকে, তবে আগামী কয়েক দিনের মধ্যেই জ্বালানি তেলের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
