মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ বলার অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের একটি আদালতে অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার প্রেক্ষাপট ও অভিযোগ: মামলার নথি অনুযায়ী, গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সেই বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাঁকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে অভিহিত করেন। বাদীর দাবি, মন্ত্রী একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং এলাকায় অসংখ্য মসজিদ-মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রাখছেন। এমন একজন ব্যক্তিকে নাস্তিক বলায় তাঁর মানহানি হয়েছে।

আদালতের কার্যক্রম: সিরাজগঞ্জের আদালত বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, দণ্ডবিধির ৫০০ ধারায় এই মামলাটি করা হয়েছে। তথ্য-উপাত্তসহ বিষয়টি উপস্থাপনের পর আদালত ইতিবাচক সাড়া দিয়েছেন এবং আজ বিকেলের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *