মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে আগামীকাল। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে নাসার আর্টেমিস-২ মিশনের চার নভোচারী পৃথিবীতে ফিরতে যাচ্ছেন শুক্রবার (১০ এপ্রিল)। চন্দ্র অভিকর্ষকে কাজে লাগিয়ে ইতোমধ্যেই পৃথিবীর দিকে সফলভাবে যাত্রা শুরু করেছে তাদের মহাকাশযান ‘ওরিয়ন’।
নাসা জানিয়েছে, শুক্রবার ওরিয়ন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রশান্ত মহাসাগরের বুকে অবতরণ করবে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, অবতরণের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আবহাওয়া অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে।
আর্টেমিস-২ মিশনের মূল লক্ষ্য চাঁদে অবতরণ ছিল না, বরং এটি ছিল মহাকাশে মানুষের সক্ষমতা যাচাইয়ের এক বিশাল পরীক্ষা। গত কয়েক দশকের মধ্যে এই অভিযানের নভোচারীরাই পৃথিবী থেকে সবচেয়ে দূরের পথ ভ্রমণ করার রেকর্ড গড়েছেন। ওরিয়ন মহাকাশযানের লাইফ সাপোর্ট, যোগাযোগ প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদি চন্দ্র অভিযানের প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো সফলভাবে পরীক্ষা করা হয়েছে এই মিশনের মাধ্যমে।
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানটিকে প্রচণ্ড তাপ ও ঘর্ষণ মোকাবিলা করতে হবে। এরপর প্যারাসুট ব্যবহারের মাধ্যমে গতি কমিয়ে নিরাপদ অবতরণ নিশ্চিত করা হবে। এই মিশনের সাফল্যের ওপর ভিত্তি করেই নাসা তাদের পরবর্তী পদক্ষেপ ‘আর্টেমিস-৩’-এর পরিকল্পনা চূড়ান্ত করবে, যার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও চাঁদের মাটিতে পা রাখবে মানুষ।
উল্লেখ্য, ২০২৪ সালে বিলম্বের ঘোষণার পর অবশেষে ২০২৬ সালে এই সফল মানববাহী চন্দ্র অভিযান বাস্তবায়িত হলো।
