মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ কোন্দলে রণক্ষেত্র; এলেক্স ইমনকে কুপিয়ে জখম, আটক ৩

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল ০৪:২০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ সংলগ্ন পাবনা হাউজ গলিতে ‘ডাইল্লা হৃদয়’ গ্রুপের সদস্যরা কুখ্যাত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমনকে (৩০) সামুরাই ও চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পাবনা হাউজ গলিতে ওত পেতে ছিল ডাইল্লা হৃদয় গ্রুপের ৬/৭ জন সদস্য। এলেক্স ইমন সেখানে পৌঁছানো মাত্রই তাকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা। চাপাতি ও সামুরাইয়ের আঘাতে ইমনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারী গ্রুপের তিনজনকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলো—মো. সাইফ (২৩), তুহিন (২০) এবং রাব্বি কাজী (২৫)। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ০৩ টি সামুরাই এবং ০১ টি বড় ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আহত এলেক্স ইমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *