জুলাই বিপ্লবের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আজ প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার প্রাথমিক তথ্যাদি ও অভিযোগের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করা হবে। এর আগে গত ১৫ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
এই মামলায় আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়াও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ২৮ জন নেতাকর্মীকে এই মামলায় আসামি করা হয়েছে।
মামলায় বর্তমানে চার আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। আজ সকালে কড়া নিরাপত্তায় তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলার বাকি আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।
