রাঙামাটিতে জ্বালানি সংকট: পাম্পে উপচে পড়া ভিড়, নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার প্রভাবে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না থাকায় জেলার ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও অস্থিরতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিশৃঙ্খলা এড়াতে পাম্পগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) সকালে রাঙামাটি জেলা শহরের চারটি প্রধান ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, মাত্র একটিতে তেল সরবরাহ করা হচ্ছে এবং বাকি তিনটি বন্ধ রয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই মহসিন ফিলিং স্টেশন, হিল ভিউ এবং এসএসএন পেট্রোলিয়াম এজেন্সিসহ অধিকাংশ পাম্পে সরবরাহ বন্ধ হয়ে যায়। বুধবার সকালে ত্যানবি এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে তেল আসার পর সেখানে হাজার হাজার মানুষের ভিড় জমে।

রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী জানান, “ঈদের ছুটিতে প্রচুর পর্যটক রাঙামাটিতে আসায় জ্বালানির চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনা সদস্যরা কাজ করছেন। আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”

ভুক্তভোগী গ্রাহকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। পর্যটন মৌসুমে এই সংকটের কারণে বাইক ও গাড়ি নিয়ে আসা পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় চাকরিজীবীরাও দৈনন্দিন যাতায়াতে বিপাকে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *