সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ডা. তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ডা. তাসনিম জারা জানান, সংরক্ষিত আসনে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা কৃতজ্ঞতার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। এর কারণ হিসেবে তিনি তার আদর্শিক অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমি ঐক্যমত্য কমিশনে বলেছিলাম যে, সংরক্ষিত নারী আসন পূরণ হওয়া উচিত জনগণের সরাসরি ভোটে, দলীয় মনোনয়নে নয়। এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর ভিন্ন অবস্থান নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।”
তার মতে, দলীয় মনোনয়নে যারা সংসদে যান, তাদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা ভোটার থাকে না, ফলে জবাবদিহিতার কাঠামোগত দুর্বলতা থেকে যায়। তিনি বিশ্বাস করেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারীর প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আসা উচিত।
উল্লেখ্য, ডা. তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৪ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। এর আগে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন, তবে নির্বাচনী জোট সংক্রান্ত মতভেদের কারণে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র হিসেবে লড়াই করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে সংসদে গেলে জনগণের সরাসরি ভোটেই যেতে চান।
