রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতের স্বামীসহ আরও দুইজন আহত হয়েছেন।
নিহত বেদেনা (৩০) রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের মো. রেজ্জাকের স্ত্রী।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মতিহার থানাধীন অক্ট্রয় মোড় এলাকায় একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন— নিহতের স্বামী মো. রেজ্জাক (৪৫) এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার নাসিম (৩০)। আহত নাসিমকে বর্তমানে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, নিহতের স্বামী রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
নিহতের লাশ বর্তমানে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করছে।
