রূপগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র মহাসড়ক; আহত একাধিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষোভ সরাতে গেলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মৈকুলী এলাকায় ‘বি-বর্দাস লিমিটেড’ কারখানার সামনে এই লঙ্কাকাণ্ড ঘটে।

শ্রমিকদের অভিযোগ, গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এর মধ্যে কারখানায় শ্রমিক ছাঁটাই ও সাধারণ শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই সেখানে অসন্তোষ চলছিল। মালিকপক্ষ আজ (শনিবার) বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও সকালে শ্রমিকরা এসে দেখেন কারখানা বন্ধ। এতে ক্ষুব্ধ হয়ে শত শত শ্রমিক ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শ্রমিকদের টানা অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অন্তত ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শত শত মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প পথ ব্যবহারের চেষ্টা করেও অনেক যানবাহন গন্তব্যে পৌঁছাতে পারছে না।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল হোসেন জানান, “বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার কাজ চলছে। সংঘর্ষে আমাদের কয়েকজন সদস্য সামান্য আহত হয়েছেন।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, শ্রমিকরা এখনও মহাসড়কে অবস্থান করছেন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *