ঢালিউডের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণির ফুটবলপ্রেমের কথা ভক্তদের অজানা নয়। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পুরনো সাক্ষাৎকারের অংশ নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে ফুটবল বিশ্বকাপ ও নিজের প্রিয় ফুটবল তারকাকে নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রতি নিজের আকাশচুম্বী ভালোবাসার কথা অকপটে স্বীকার করেছেন পরীমণি। ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’
প্রিয় তারকা লিওনেল মেসিকে নিয়ে নিজের আবেগ ধরে রাখতে না পেরে এই চিত্রনায়িকা আরও বলেন, ‘মেসির জন্য বলতে পারেন, আমি ডাইহার্ড ফ্যান মেসির। (তাকে নিয়ে কথা বলতে গেলে) আমার হার্টবিট বেড়ে যায়।’
ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আর্জেন্টিনার কট্টর সমর্থক ও মেসি ভক্তরা পরীমণির এই অকপট স্বীকারোক্তিকে স্বাগত জানিয়ে নানামুখী মন্তব্য করছেন। প্রিয় ফুটবল তারকাকে ঘিরে এই আবেগঘন উচ্ছ্বাস প্রকাশের মাধ্যমে আবারও খবরের শিরোনামে এলেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা।
