শপথ অনুষ্ঠান ঘিরে মঙ্গলবার যান চলাচলে বিধিনিষেধ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদ ভবনসংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। অনুষ্ঠান চলাকালে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে।

যান চলাচলে সাময়িক অসুবিধা কমাতে ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন পয়েন্টে ডাইভারশন কার্যকর করবে।

ডাইভারশন নির্দেশনা সংক্ষেপে:

মিরপুর রোড থেকে ফার্মগেট (মানিক মিয়া এভিনিউ হয়ে):
উত্তর দিক থেকে আসা ফার্মগেট/সোনারগাঁওগামী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

ধানমন্ডি থেকে ফার্মগেট:
ধানমন্ডি-২৭ থেকে আসা যানবাহন আসাদগেট–প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট অভিমুখে চলাচল করবে।

আসাদগেট থেকে ফার্মগেট:
আসাদগেট থেকে গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর) ক্রসিং–প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেটে যাওয়া যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি:
খেজুরবাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–প্রতিরক্ষা গ্যাপ হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যেতে হবে।

মিরপুর রোড থেকে ধানমন্ডি:
মানিক মিয়া এভিনিউয়ের ব্লকেড অপসারণ সাপেক্ষে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)–আসাদগেট হয়ে ধানমন্ডি-২৭ অভিমুখে চলাচল করবে।

এছাড়া অনুষ্ঠান চলাকালে যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য চালকদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *