শাহজালালে সর্বোচ্চ সতর্কতা; তল্লাশি ও গোয়েন্দা নজরদারিতে কড়াকড়ি

সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার প্রেক্ষাপটে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক বিশেষ বার্তার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই উচ্চমাত্রার সতর্কতা জারি করে।

সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, বিমানবন্দরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে অ্যারাইভাল ও ডিপারচার টার্মিনালে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য না থাকলেও আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে এক চিঠিতে জাতীয় সংসদ, সামরিক স্থাপনা ও জনাকীর্ণ স্থানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার পরিকল্পনার কথা জানানো হয়। এরপরই বিমানবন্দরগুলোতে রাত-দিন ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *