শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র: ১৩ হাজার ফ্লাইট বাতিল, ১৭ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

তীব্র শীতকালীন ঝড় ও ভারী তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে দেশটিতে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অন্তত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) শুরু হওয়া এই শক্তিশালী ঝড়ে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ সড়কগুলো বরফে ঢেকে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ—যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি—শীতঝড় সতর্কতার আওতায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (ন্যাশনাল ওয়েদার সার্ভিস) জানিয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড অঞ্চলজুড়ে ভারী তুষারপাত, বরফ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কয়েক দিন ধরে তীব্র শীত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ অ্যালিসন সান্টোরেলি বলেন, “তুষার ও বরফ গলতে সময় লাগবে, ফলে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”

শনিবারের মধ্যেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অন্তত এক ডজন অঙ্গরাজ্যে জরুরি ঘোষণা অনুমোদন দেন। আরও কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোম জানান, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) আগেভাগেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণসামগ্রী, জনবল এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে। তিনি জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানান।

বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজ ডট কম জানিয়েছে, ঝড়ের কারণে শনিবার প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। এর মধ্যে টেক্সাস ও লুইসিয়ানা রাজ্যে প্রায় ৫ হাজার করে গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন হয়।

এদিকে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার ও রোববার মিলিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ওকলাহোমা সিটির উইল রজার্স ওয়ার্ল্ড এয়ারপোর্টে শনিবারের সব ফ্লাইট বাতিল করা হয় এবং রোববার সকালের ফ্লাইটও স্থগিত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *