সংগীত জগতের নক্ষত্র পতন; সুরসম্রাজ্ঞী আশা ভোসলের প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব

ভারতীয় সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি আশা ভোসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টা নাগাদ মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় উপমহাদেশসহ বিশ্বজুড়ে সংগীতানুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর নাতনি জনাই ভোসলে জানিয়েছিলেন, শিল্পী ফুসফুসে সংক্রমণ ও চরম ক্লান্তিতে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন।

শিল্পীর ছেলে আনন্দ ভোসলে জানিয়েছেন, আজ রোববার মায়ের মৃত্যু হয়েছে। আগামীকাল সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় লোয়ার পারেলের ‘কাসা গ্র্যান্ডে’ (যেখানে শিল্পী থাকতেন) তাঁর মরদেহ রাখা হবে যাতে গুণগ্রাহী ও সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারেন। এরপর বিকেল ৪টায় মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

দীর্ঘ আট দশকের কর্মজীবনে ২০টিরও বেশি ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন আশা ভোসলে। তাঁর কণ্ঠের বৈচিত্র্য এবং গায়কী তাঁকে অমর করে রাখবে। দাদাসাহেব ফালকে পুরস্কার থেকে শুরু করে পদ্মবিভূষণ—সব বড় সম্মাননাতেই ভূষিত হয়েছেন তিনি। তাঁর প্রয়াণে লতা মঙ্গেশকরের পর সুরের ভুবন আবারও এক অভিভাবককে হারাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *