সচিবালয়ে প্রবেশ করে নিজ দফতরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে এসে তিনি এই ঝটিকা সফর শুরু করেন।
প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে সরাসরি হেঁটে সচিবালয়ের ৬ নম্বর ভবনে প্রবেশ করেন। সেখানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি পর্যায়ক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।
এরপর ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এভাবে অন্তত আটটি মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর নিজ দফতরে ফিরে আসেন। প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দেন। আজ সকালে ‘কৃষক কার্ড’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করবেন তিনি। এই সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
