বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা ও ভরসায় তাঁকে দায়িত্ব দিয়েছেন, তিনি তাঁর সততা ও আদর্শ দিয়ে সেই দায়িত্ব পালন করতে চান। তিনি আরও বলেন, “আমি বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই, যাতে দেশের মানুষ বলতে পারে এখন বিমান মন্ত্রণালয় ঠিক আছে।”
শনিবার (২ মে) সকালে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় ‘মানিকগঞ্জ জাদুঘর’ প্রাঙ্গণে আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ জাদুঘর, রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশন, মেহের-আকিজ ফাউন্ডেশন, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং ঢাকা লায়ন্স ক্লাবের যৌথ তত্ত্বাবধানে এই শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কয়েক শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
বক্তব্যে মন্ত্রী দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা স্বাধীনতার স্বাদ পাচ্ছি এবং গণতান্ত্রিক সরকারের অধীনে কথা বলার সুযোগ পাচ্ছি। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।” তিনি বিগত ফ্যাসিবাদের সমালোচনা করার পাশাপাশি দেড় বছরের অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “তারা দেড় বছর ক্ষমতায় থাকলেও কিছুই করে যেতে পারেনি। এই দেড় বছর তারা কোনো কাজই করেনি।”
অনুষ্ঠানে মন্ত্রী মানিকগঞ্জ জাদুঘরের উন্নয়নে তিন লাখ টাকা ব্যক্তিগত অনুদান প্রদানের ঘোষণা দেন।
মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার প্রমুখ। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন মেহের-আকিজ ফাউন্ডেশনের সভাপতি নাইম আহমেদ খান এবং রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী ইজাবুল খালিদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
