সহিংসতার মাঝেও মেক্সিকোতে বিশ্বকাপ: আয়োজক হিসেবে দেশটিতে ‘পূর্ণ আস্থা’ ফিফার

মেক্সিকোর বর্তমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতির মাঝেও দেশটিতে ২০২৬ বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কলম্বিয়ার বারানকিয়ায় এক অনুষ্ঠানে তিনি মেক্সিকোর ওপর ফিফার ‘পূর্ণ আস্থা’র কথা পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি মেক্সিকান সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত কার্টেল নেতা ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে মেক্সিকান ফুটবল ফেডারেশন ঘরোয়া লিগের (লিগা এমএক্স) বেশ কিছু ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়। বিশেষ করে বিশ্বকাপ ভেন্যু গুয়াদালাহারা অবস্থিত জালিস্কো অঙ্গরাজ্যে বর্তমানে জরুরি অবস্থা জারি রয়েছে।
ইনফান্তিনোর অভয়বার্তা ফিফা সভাপতি বলেন, “আমরা মেক্সিকোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমরা নিশ্চিত যে সবকিছু স্বাভাবিকভাবেই এগোবে। বিশ্বব্যাপী নানা ঘটনা ঘটলেও শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার ও পুলিশ রয়েছে। বিশ্বকাপ হবে এক অবিশ্বাস্য উৎসব।”
মেক্সিকোর নিরাপত্তা নিশ্চয়তা সহিংসতার জেরে বিশ্বকাপ ভেন্যু হাতছাড়া হওয়ার গুঞ্জন উঠলেও জালিস্কোর গভর্নর পাবলো লেমুস তা নাকচ করে দিয়েছেন। প্রেসিডেন্ট শেইনবাউমও আশ্বাস দিয়েছেন যে, গুয়াদালাহারায় ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, আগামী জুন মাসে গুয়াদালাহারার অ্যাকরন স্টেডিয়ামে বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দ্বিমুখী অবস্থানে অংশগ্রহণকারী দেশগুলো কলম্বিয়া ফুটবল ফেডারেশন মেক্সিকোর ওপর আস্থা রাখলেও সব দেশ এতটা নিশ্চিত নয়। মার্চে নির্ধারিত প্রীতি ম্যাচের আগে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পর্তুগাল। অন্যদিকে, জ্যামাইকা ফুটবল ফেডারেশনের সভাপতি মাইকেল রিকেটস নিরাপত্তা ইস্যুতে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *