সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা; আরও ৭ সাক্ষীকে জেরা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে চলমান মামলায় আরও সাতজন সাক্ষীকে জেরা করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা সম্পন্ন করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, এর আগে গত ২১ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। আজ আরও সাতজনের জেরা সম্পন্ন হওয়ায় মামলায় বাদীসহ মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ মে দিন ধার্য করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে চলতি বছরের ৭ জানুয়ারি জাবেদ, তাঁর স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক। আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বর্তমানে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন। তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক রয়েছেন। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *