জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষ ও স্বার্থের কথা চিন্তা করে আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করতে চাইলেও বিএনপি নিজেই সেই পথ বন্ধ করে দিচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “বাংলাদেশের ইতিহাসে মাত্র দুই মাসে কোনো সরকার এতটা অজনপ্রিয় হয়েছে কি-না তা আমার জানা নেই। যে হারে জনপ্রিয়তা কমছে, তাতে আগামী ছয় মাস পর এই সরকারের কী দশা হবে, তা অনিশ্চিত।”
বিএনপির নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “এসব কার্ড দিয়ে মানুষের মন ভোলানোর চেষ্টা করা হচ্ছে। অথচ এসব কার্ড দিতে গিয়েই রাষ্ট্রের জ্বালানি ও তেলের তহবিল ফুরিয়ে গেছে। মন্ত্রীরা সংসদে মিথ্যা বলছেন যে সংকট নেই, অথচ সাধারণ মানুষ বাস্তবে হাহাকার করছে।”
তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে প্রতিটি প্রতিষ্ঠানকে আওয়ামী লীগের মতো দলীয়করণ শুরু করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, বিএনপি সেই সংস্কার কার্যক্রমে পদে পদে বাধা দিচ্ছে। এমনকি তারা নিজেদের রাজনৈতিক অস্তিত্বের মূল ভিত্তি ‘গণভোট’কেও এখন অস্বীকার করছে।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের মতো স্বৈরতন্ত্রের পথে হাঁটতে চায়, তবে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ এবং রাজপথ—উভয় জায়গাতেই সক্রিয় থাকবে।
