সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত ৩০টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা প্রতি বছরের মতো এবারও এই রীতি অনুযায়ী ঈদ পালন করতে যাচ্ছেন।
সুরেশ্বর দরবার শরীফ সূত্রে জানা গেছে, শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা দীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে একই দিনে রোজা রাখা এবং ঈদ উদযাপন করে আসছেন। আগামীকাল শুক্রবার সকাল ৯টায় নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ মাঠে জেলার প্রধান ও সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ, জাজিরাসহ ছয়টি উপজেলার প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ঈদ উৎসবে শামিল হবেন। ইতোমধ্যে ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং অনুসারীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
