কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প রুটের ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা এই জরুরি নির্দেশনা জারি করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতে ইচ্ছুক সব জাহাজকে সম্ভাব্য মাইন বিস্ফোরণ থেকে সুরক্ষিত থাকতে সমুদ্র নিরাপত্তার নতুন নীতিমালা মেনে চলতে হবে। বিবৃতিতে বিকল্প রুটগুলোর বর্ণনা দিয়ে একটি মানচিত্রও প্রকাশ করা হয়েছে।
আইআরজিসি-র মানচিত্র অনুযায়ী:-
- ওমান সাগর থেকে আসা জাহাজ: লারাক দ্বীপের উত্তর দিক দিয়ে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হতে হবে।
- পারস্য উপসাগর থেকে বের হওয়া জাহাজ: লারাক দ্বীপের দক্ষিণ দিক দিয়ে ওমান সাগরের দিকে অগ্রসর হতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের প্রায় ৪০ দিন পর দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান ও লেবাননে হামলা অব্যাহত রাখলে তেহরান পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। উল্লেখ্য, এই জলপথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়।
