হরমুজ প্রণালীতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান; ফিরছে দেশে

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার (১ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত জানান, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল জাহাজগুলোকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি প্রদান করেছে। বর্তমানে ঢাকা ও তেহরান উভয়পক্ষ জাহাজগুলো দ্রুত এবং নিরাপদভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে নিবিড়ভাবে কাজ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। নিরাপত্তার খাতিরে এবং কৌশলগত কারণে এই রুটে একাধিক দেশের জাহাজ আটকে দিয়েছিল ইরান। যার মধ্যে বাংলাদেশের এই ছয়টি জাহাজও ছিল।

জাহাজগুলো ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বের প্রতিফলন হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এতে করে আন্তর্জাতিক নৌপথে বাংলাদেশের পণ্য পরিবহন ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পথে এক ধাপ অগ্রগতি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *