হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সচল করতে একাট্টা ২২ দেশ

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং ইরানের অবরোধ মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়েছে ২০টিরও বেশি দেশ। এই জোটে ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও যোগ দিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২২টি দেশের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে পারস্য উপসাগরে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলা এবং তেল-গ্যাস স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোতে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে দেশগুলো জানায়, “ইরানি বাহিনী কর্তৃক হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রচেষ্টায় আমরা অবদান রাখতে প্রস্তুত।”

বিবৃতিতে আরও বলা হয়, তেল ও গ্যাস স্থাপনাসহ বেসামরিক অবকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এই লক্ষে যে দেশগুলো প্রস্তুতিমূলক পরিকল্পনা গ্রহণ করেছে, তাদের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে জোটভুক্ত দেশগুলো। মূলত জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এই আন্তর্জাতিক প্রচেষ্টা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *