হামের ভয়াবহ রূপ: দেশে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়াল

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন হামে আক্রান্ত ছিল এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আজ শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন করে ১ হাজার ৪৩৫ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৮৯ জনের শরীরে সরাসরি হাম শনাক্ত হয়েছে এবং ৯৪৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের এই প্রকোপে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে। এর মধ্যে হাম শনাক্ত হওয়া শিশুর মৃত্যু হয়েছে ৬১ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ২৯১ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪৭ হাজার ৬৫৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৩ হাজার ৬৩১ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ জন।

সতর্কতা: বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা উচিত। বিশেষ করে টিকা না নেওয়া শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *