১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো, জেনে নিন কোন গ্রেডে কত বাড়ছে বেতন

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের শুরুতেই বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত সোমবার (১৮ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, নতুন অর্থবছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের এই নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশাল এই আর্থিক কর্মযজ্ঞটি মোট তিন ধাপে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২০২৬–২৭ অর্থবছরে বর্ধিত বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ২০২৭–২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। আর সর্বশেষ ধাপে বিভিন্ন ভাতা ও আনুষঙ্গিক সুবিধাগুলো সমন্বয় করা হবে।

প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিতে বর্তমানের ২০টি গ্রেডই বহাল থাকছে। তবে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে বেতন কাঠামোতে। নতুন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এদিকে সরকারের এই নতুন পে স্কেল বাস্তবায়নের রূপরেখা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও মতভেদ দেখা দিয়েছে। কর্মচারীদের একটি পক্ষ ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অন্য পক্ষটি এর বিরোধিতা করছে। তাদের দাবি, ধাপে ধাপে নয় বরং একসঙ্গেই পুরো গেজেট প্রকাশ করে তা কার্যকর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *