২১ দিন পর জামিনে মুক্তি পেলেন হিরো আলম; দাবি করলেন ‘নির্বাচনী ষড়যন্ত্র’

ধর্ষণ ও শারীরিক নির্যাতনের মামলায় গ্রেপ্তারের ২১ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে বগুড়া জেলা কারাগার থেকে তিনি মুক্ত হন। কারা ফটকে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় তার সন্তানরা।

গত বছরের ২১ এপ্রিল এক তরুণীকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

কারাগার থেকে বের হয়েই সাংবাদিকদের কাছে হিরো আলম দাবি করেন, তাকে হয়রানি করার জন্যই এই মামলা সাজানো হয়েছে। তিনি বলেন, “বগুড়া সদর আসনের উপনির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার কারণেই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে। গত বুধবারই আমার জামিন হয়েছিল, কিন্তু ষড়যন্ত্র করে অন্য মামলায় আমাকে আরও এক সপ্তাহ আটকে রাখা হয়।”

কারাগারের কর্মকর্তাদের ব্যবহারের প্রশংসা করে হিরো আলম আরও জানান, সেখানে থাকাকালীন তিনি আলোচিত যুবলীগ নেত্রী পাপিয়া ও তার স্বামী সুমন, রাজশাহীর সাবেক সংসদ সদস্য এনামুল হক এবং সাবেক ওসি প্রদীপের দেখা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *