৬ নবজাতকের মৃত্যু তদন্তে গিয়ে নতুন চমক: ২৪ ঘণ্টার মধ্যে বেকারি কারখানার নথিপত্র তলব

রাজধানীতে সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে আদ্-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনকালে মেডিকেল কলেজ ভবনের ছাদে একটি বেকারি কারখানা দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে কারখানাটি ঘুরে দেখেন।

ভবনের ছাদে বেকারি স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ যাবতীয় প্রতিষ্ঠান থেকে পাওয়া বৈধ অনুমতিপত্র আগামীকালের (রোববার) মধ্যে জমা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বেকারিটি আদ্-দ্বীন হাসপাতালের মূল ভবনের ভেতরে নয়, বরং আদ্-দ্বীন মেডিকেল কলেজের পাশে অবস্থিত। এখান থেকে হাসপাতালের রোগীদের জন্য খাবার প্রস্তুত ও সরবরাহ করা হতো। তবে অত্যন্ত স্পর্শকাতর একটি চিকিৎসা প্রতিষ্ঠানের ভবনের ওপর এই ধরনের কারখানা পরিচালনা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, “মেডিকেল কলেজের মতো একটি প্রতিষ্ঠানের ভবনের ওপর কীভাবে বেকারি পরিচালিত হচ্ছে, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। কারখানাটি বৈদ্যুতিক ওভেনের মাধ্যমে চললেও এটি কীভাবে অনুমোদন পেল, তাও তদন্ত করা হবে। মেডিকেল কলেজের ওপর এ ধরনের কারখানার বৈধ অনুমোদন থাকার কথা নয়।”

এদিকে পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *