চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কবর জিয়ারত শেষে তিনি বলেন, দেশকে বিভক্ত করার কোনো রাজনীতিতে তারা বিশ্বাস করেন না। আবু সাঈদ যে আদর্শ ও দায়িত্ব রেখে গেছেন, তা বাস্তবায়ন করাই তাদের অঙ্গীকার। তিনি বলেন, “প্রয়োজনে জীবন যাবে, কিন্তু দেশের মর্যাদা ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।”
এ সময় ডা. শফিকুর রহমান আরও মন্তব্য করেন, দীর্ঘদিন ধরে কিছু গোষ্ঠী উত্তরাঞ্চলের মানুষকে দারিদ্র্যের মধ্যে আটকে রেখেছে এবং সেই অবস্থার পরিবর্তন ঘটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন রয়েছে।
শ্রদ্ধা নিবেদনকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আক্তার হোসেনসহ ১০ দলীয় জোটের একাধিক নেতা।
