খেলাধুলার মাঠে রাজনীতি টেনে আনা উচিত নয়—এমন স্পষ্ট অবস্থান জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ক্রিকেটে আইসিসি ও ভারত নোংরা রাজনীতি করছে। এ অবস্থায় বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত।

বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান নেই। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করাও এই সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসাইন। আইসিসির দ্বিমুখী নীতির সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন—টুর্নামেন্টের এক মাস আগে যদি ভারত জানাতো যে তাদের সরকার অন্য দেশে খেলতে দেবে না, তাহলে কি আইসিসি একইভাবে কঠোর অবস্থান নিতে পারত? তার এই মন্তব্য ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যেভাবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তা আইসিসির একপাক্ষিক ক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

এর আগে, গত রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান দলের অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *