বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই কর্মকর্তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একই রাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। জামায়াতে ইসলামীর আমীরের এক্স হ্যান্ডল হ্যাকের সঙ্গে জড়িতদের শনাক্ত ও ধরতে এই অভিযান পরিচালিত হয়।

ডিবি প্রধান বলেন, “আমাদের অভিযান চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। পরে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।”

উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে ওই পোস্টটি অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হয়।

এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে তাদের আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে অনাকাঙ্ক্ষিত ও মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *