যুক্তরাষ্ট্রের সঙ্গে সোমবার বিকেলে দ্বিপাক্ষিক আলোচনায় বসার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো পর্যায়েই আলোচনা বা বৈঠক চলছে না।
সোমবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানি কোনো প্রতিনিধিদল পাঠানো কিংবা ওয়াশিংটনের প্রতিনিধি গ্রহণ করার কোনো পরিকল্পনা নেই। তিনি সাফ জানিয়ে দেন, ‘এখন আমরা কোনো প্রতিনিধিদলকে স্বাগত জানাব না বা কোনো দেশের অতিথিও হব না।’
এদিকে জ্বালানি বাণিজ্যের দিক দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা দিয়েছে তেহরান। বাঘাই জানান, হরমুজ প্রণালির রুট ও কৌশলগত ব্যবস্থাপনা সহজ করতে ওমানের সঙ্গে তাদের গঠনমূলক আলোচনা চলছে। প্রণালি দিয়ে গমনাগমনকারী জাহাজগুলোকে ইরানের নির্ধারিত রুট অনুসরণ করে নির্দিষ্ট ‘সার্ভিস ফি’ দিয়ে চলাচলের তাগিদ দেওয়া হয়েছে।
ওমানের সঙ্গে বৈঠককে আশাব্যঞ্জক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নতুন রুট সংক্রান্ত একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে। তেহরান আশা করে আঞ্চলিক ও আন্তর্জাতিক সকল পক্ষ ইরানের এই দায়িত্বশীল পদক্ষেপকে ইতিবাচক মূল্যায়ন করবে।’
তবে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে কড়া বার্তা পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, যতদিন ইরানের বিভিন্ন বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বলবৎ থাকবে, ততদিন হরমুজ প্রণালি ঘিরে বিদ্যমান অবস্থানের কোনো পরিবর্তন ঘটাবে না তেহরান।
