নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম তানিম হোসেন (২৮)। তিনি নাটোর পৌরসভার কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় ঐতিহাসিক উত্তরা গণভবনের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গেটসংলগ্ন একটি মঞ্চে আয়োজিত পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শেষে মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় তানিম হোসেনের সাথে পরপর দুইবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার তল্লাশি চালিয়ে সাথে থাকা একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্দেহভাজন ওই যুবককে অস্ত্রসহ আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তানিম দাবি করেছেন—পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা এবং আত্মরক্ষার স্বার্থে তিনি সেটি সঙ্গে নিয়ে এসেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, পথসভায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামানসহ জেলা প্রশাসন ও রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
