২০২২ সালের কাতার বিশ্বকাপের পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপেও নিজের নাচের জাদুতে বিশ্ব মাতাতে আসছেন নোরা ফাহেতি। আগামী ২০২৬ সালের জুন মাসে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় আয়োজিত হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ৩৪ বছর বয়সি এই তারকা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানের একটি বড় অংশ হতে চলেছে কানাডার টরন্টোতে, যেখানে বিশ্বের অন্যান্য মেগাস্টারদের সাথে একই মঞ্চে দেখা যাবে নোরাকে।
মজার বিষয় হলো, নোরার জন্ম এবং বেড়ে ওঠা এই টরন্টো শহরেই। তাই নিজের জন্মভিটায় ফিফার মতো মেগা ইভেন্টে পারফর্ম করা নোরার কাছে বড় এক আবেগের বিষয়। এর আগে কাতার বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে বিশ্ববাসীর নজর কেড়েছিলেন তিনি। এবার নিজের শহরে বিশ্বমঞ্চে উপস্থিতি প্রমাণ করছে যে, নোরার জনপ্রিয়তা এখন গ্লোবাল আইকন হিসেবে প্রতিষ্ঠিত।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, এবারের বিশ্বকাপ শুরু হবে দুটি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। ১. ১২ জুন, মেক্সিকো সিটি: প্রথম ম্যাচে নামার ৯০ মিনিট আগে মেক্সিকো সিটিতে বসবে প্রথম আসর। সেখানে পারফর্ম করবেন কলম্বিয়ান মেগাস্টার জে বালভিন, গ্র্যামিজয়ী ব্যান্ড ‘মানা’ এবং পপ তারকা আলেয়ান্দ্রো ফার্নান্দেস। আরও থাকবেন বেলিন্দা, টাইলা ও লস অ্যাঞ্জেলেস আজ়ুলেস। ২. ১৩ জুন, টরন্টো: দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানটি হবে কানাডার টরন্টোতে। এই মঞ্চেই পারফর্ম করবেন নোরা ফাহেতি। তাঁর সঙ্গে বিশ্বের নামী-দামি অনেক সঙ্গীতশিল্পী ও পারফর্মার অংশ নেবেন।
‘দিলবার’ বা ‘ও সাকি সাকি’ গানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও নোরা এখন আর কেবল আইটেম গানে সীমাবদ্ধ নেই। তাঁর সিগনেচার ড্যান্স মুভ আর অদম্য এনার্জি দেখার জন্য মুখিয়ে আছেন ফুটবল ভক্তরা। বিশ্বকাপের পর্দা ওঠার সাথে সাথে টরন্টোর সেই বিশেষ পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে পুরো বিশ্ব।
