সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন ইরান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। বিশ্বকাপ শুরুর মাত্র ছয় দিন আগে মার্কিন ভিসা মেলায় এশিয়ার অন্যতম শক্তিশালী এই দলটির বিশ্বকাপে অংশ নেওয়ার পথ পরিষ্কার হলো। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক বৈরিতার কারণে খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

ভিসা জটিলতা এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইরান ফুটবল দল তাদের পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার প্রস্তুতি ক্যাম্পটি বাতিল করতে বাধ্য হয়। এর পরিবর্তে তারা মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানাকে বিকল্প ভেন্যু হিসেবে বেছে নেয়। সূচি অনুযায়ী, আগামী ৭ জুন ইরান দলের সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

তবে ফুটবলারদের ভিসা মিললেও ইরান দলের সব সদস্য এখনো মার্কিন ছাড়পত্র পাননি। দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও প্রশাসনিক কর্মকর্তা এবং দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতির ভিসা আবেদন এখনো মার্কিন দূতাবাসে প্রক্রিয়াধীন রয়েছে।

আসন্ন বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে ইরান। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। একই ভেন্যুতে ২১ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হবে ইরানিরা। সব বাধা কাটিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে মধ্যপ্রাচ্যের এই পরাশক্তি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *