বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলু হিমাগারে নেওয়ার পথে এক চাষির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৯ মার্চ) দুপুরে ভুক্তভোগী কৃষক মেহেদী হাবীব শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত প্রায় ১৬ দিন ধরে উপজেলার খরনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলু হিমাগারে নেওয়ার সময় চাষিদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। গত রবিবার সন্ধ্যায় মেহেদী হাবীব আলু নিয়ে হিমাগারে যাওয়ার পথে বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় তার গাড়ি আটকান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ও শহীদসহ কয়েকজন। তারা আলুর বস্তা প্রতি ২০ টাকা করে চাঁদা দাবি করেন।

ভুক্তভোগী কৃষক জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে এবং স্বেচ্ছাসেবক দল নেতাদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় নিয়মিতভাবে কৃষকদের কাছ থেকে এভাবে চাঁদা আদায় করা হচ্ছিল।

শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, “সড়কে চাঁদা তোলা সম্পূর্ণ অবৈধ। যারা এই কাজ করেছে তারা কোনো ইজারাদার নয়।”

অভিযুক্ত আইয়ুব আলী অবশ্য চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে একে ‘বিভ্রান্তিকর তথ্য’ বলে দাবি করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *