মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলারদের তোপ আর ব্যাটারদের তাণ্ডবে মালয়েশিয়া জাতীয় দলকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেট এবং ৭৪ বল হাতে রেখে বিশাল জয় তুলে নিয়েছে এইচপি। এর মাধ্যমে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে সফরকারীদের ধবলধোলাই করল স্বাগতিকেরা।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া। তবে এইচপির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। জবাব দিতে নেমে মাত্র ৭.৪ ওভারেই (৪৬ বল) ৩ উইকেট হারিয়ে জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি।

মালয়েশিয়ার পক্ষে সর্বোচ্চ ৫২ বলে ৪০ রান করেন অধিনায়ক সৈয়দ আজিজ। এছাড়া আহমেদ আকীল ৩৩ বলে ৩০ রান করেন। এইচপির পক্ষে পেসার আবু হায়দার রনি ২টি এবং মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান ১টি করে উইকেট নেন।

১০৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে জাওয়াদ আবরার ও জিসান আলমের তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় এইচপি। জাওয়াদ ৮ বলে ২৩ রানের ঝড় তুলে বিদায় নিলেও জিসান আলম ছিলেন অনবদ্য। মাত্র ১৯ বলে দৃষ্টিনন্দন ছক্কায় ফিফটি পূরণ করা জিসান শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। আরিফুল ইসলাম (৪) ও সাব্বির রহমান (১২) দ্রুত বিদায় নিলেও জিসানের তাণ্ডবে ৭.৪ ওভারেই নিশ্চিত হয় এইচপির বড় জয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *