আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। তেলের দাম কমার প্রেক্ষাপটে স্বর্ণের বাজার শক্তিশালী হয়ে ওঠায় গত জানুয়ারি মাসের পর সর্বোচ্চ সাপ্তাহিক প্রবৃদ্ধির মুখে রয়েছে এই ধাতু। এর প্রভাব এবং দেশের অভ্যন্তরীণ বাজারের সমন্বয় হিসেবে বাংলাদেশেও স্বর্ণের দাম সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে।

শুক্রবার (৭ আগস্ট) বেলা ১২টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম সামগ্রিকভাবে ৬ শতাংশ বেড়েছে। পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ‘মারেক্স’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, “আগস্টজুড়ে আমরা স্বর্ণের বাজার নিয়ে ইতিবাচক। এই মূল্যবান ধাতুর লেনদেনের পরিসর আগামীতে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।”

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী। রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৩ দশমিক ৪৮ ডলার, প্ল্যাটিনাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৫ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়াম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৪ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

এদিকে আন্তর্জাতিক বাজারের ছায়ায় দেশীয় বাজারেও স্বর্ণের দাম রয়েছে চড়া। বর্তমানে দেশে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা রয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *