দেশের বাজারে জুন মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন মূল্যে ডিজেল অপরিবর্তিত থাকলেও পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়, যা আজ সোমবার (১ জুন) থেকে দেশব্যাপী কার্যকর হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা (আগে ছিল ১৪০ টাকা), পেট্রোল ১৪০ টাকা (আগে ছিল ১৩৫ টাকা) এবং কেরোসিন ১৩৫ টাকা (আগে ছিল ১৩০ টাকা) দরে বিক্রি হবে। তবে মে মাসের মতোই প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৪ সালের মার্চ থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এই নিয়ম অনুযায়ী, প্রতি মাসে আমদানি খরচের ওপর ভিত্তি করে নতুন দাম সমন্বয় করা হয়। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার ওপর ভিত্তি করে জুন মাসের জন্য এই নতুন দাম নির্ধারণ করা হলো। এর আগে গত ৩০ এপ্রিল মে মাসের জন্য এবং তারও আগে ১৮ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার।
