নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। আজ শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ। তিনি স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির বলে দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির এই চাল দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা হচ্ছিল। পরে সুযোগ বুঝে এসব চাল বাজারে বেশি দামে কালোবাজারি করে বিক্রি করার পরিকল্পনা ছিল। সকালে এলাকাবাসী ঘরের ভেতরে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান এবং ৯৯ বস্তা চাল জব্দ করে চরজব্বার ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

তবে সরকারি চাল অবৈধ মজুদের অভিযোগ অস্বীকার করেছেন আবদুস সামাদ। তিনি দাবি করেন, “আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। একটি নূরানী মাদরাসায় সরকারি বরাদ্দের চাল তিনি নিয়ম মেনে কিনে এনেছেন। পরে সাময়িকভাবে সেগুলো বাড়িতে রাখা হয়েছিল।”

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, “স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেছি। উদ্ধার করা চাল কেনার বিষয়ে তাদের দাবি করা নথিপত্র এবং বৈধ কাগজপত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *