সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উসকানিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে যাচাই ছাড়া তথ্য বিশ্বাস, শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (৭ আগস্ট) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান ও সতর্কবার্তা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে দিচ্ছে। পুলিশ এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
পুলিশের দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দেশি-বিদেশি সহযোগীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, বাহিনীর মনোবল ক্ষুণ্ন এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি, বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান এবং অন্যায় তদবির আমলে না নেওয়ার কারণেও অসন্তুষ্ট একটি মহল মনগড়া তথ্য ছড়িয়ে অপপ্রচারে যুক্ত হয়েছে।
পুলিশ সদরদপ্তর আরও জানায়, এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের অনেকের বিরুদ্ধে নানা ফৌজদারি অপরাধে যুক্ত থাকার প্রমাণ রয়েছে। এমনকি সরকারি বিভিন্ন দপ্তরে অন্যায্য তদবির এবং অপপ্রচার বন্ধের শর্তে অর্থ দাবির তথ্য-প্রমাণও পুলিশের হাতে এসেছে।
এমন পরিস্থিতিতে অপপ্রচার অব্যাহত থাকলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
