দলের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত সোমবার (৫ মে) উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুনীর আহমদ ও সদস্য সচিব সাদমান জামী চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এই নোটিশের বিষয়টি নিশ্চিত করা হয়।

সম্প্রতি উখিয়া উপজেলা কৃষক দলের নেতা সৈয়দ নূরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া আড়াই মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সৈয়দ নূর একটি কক্ষে বসে ভিডিও কলে এক নারীর সঙ্গে অশালীন ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করছেন। বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হওয়ার পর দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

শোকজ চিঠিতে উল্লেখ করা হয়, সৈয়দ নূরের এমন কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চিঠিতে তাঁকে আগামী ৭ দিনের মধ্যে প্রকাশিত সংবাদের বিষয়ে লিখিত এবং উপযুক্ত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও সতর্ক করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে চারিত্রিক স্খলন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা (বহিষ্কার) গ্রহণ করা হবে।

উখিয়া উপজেলা কৃষক দল জানিয়েছে, দলের ভেতরে কোনো ধরনের অনৈতিকতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এই ঘটনার পর উখিয়ার স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য বিরাজ করছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *