চট্টগ্রামে মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বে হত্যা মামলার আসামি; গ্রেপ্তার ৭০
Featured, Latest, News, Politics, Popular, Trending #abongtv, #AgrabadClash, #BangladeshNews, #BanOrganization, #ChittagongJuboligচট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা. আজ শুক্রবার (৫ জুন) সকালে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার বিদ্যুৎ ভবনের সামনে ‘মহানগর যুবলীগ’-এর ব্যানারে এই মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়. পরে মিছিলের ৫৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় শুরু হয়.
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ওই ভিডিওচিত্রে দেখা যায়, মাথায় কাফনের কাপড় বেঁধে আনুমানিক ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী বন্দর এলাকা থেকে একটি মিছিল নিয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হচ্ছেন. যুবলীগের নেতাকর্মীদের হাতে থাকা ব্যানারে— হামে শিশুমৃত্যু, শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের কথা উল্লেখ ছিল. মিছিলটি আগ্রাবাদের বিদ্যুৎ ভবনের সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা সেখানে অবস্থান নেন এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন.
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নিষিদ্ধ যুবলীগের এই ঝটিকা মিছিলটির মূল নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি গোলাম সামদানি জনি.
চলতি জুনেই ৩টি মিছিল, সিএমপির ক্র্যাকডাউন: স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তন ও নিষেধাজ্ঞা জারির পর চলতি জুন মাসেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে অন্তত তিনটি মিছিল বের করেছেন. শুক্রবার আগ্রাবাদে অনুষ্ঠিত যুবলীগের মিছিলটি ছিল নগর এলাকার তৃতীয় মিছিল. এর আগে গত সোমবার নগরের জিইসি মোড় ও আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকায় এবং গত বুধবার নগরের অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা পৃথক দুটি ঝটিকা মিছিল করেছিলেন.
নিষিদ্ধ সংগঠনের এসব প্রকাশ্য তৎপরতার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় পুলিশ ও যৌথ বাহিনীর চিরুনি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৭০ জন নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ.
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, “আগ্রাবাদ এলাকায় অনুষ্ঠিত যুবলীগের মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে. ভিডিওর ফুটেজ ও সিসিটিভি অ্যানালিটিক্স বিশ্লেষণ করে মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে. নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে.”
