জ্বালানি তেলের তীব্র ঘাটতি এবং পাম্পগুলোর চরম নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় সারা দেশে তেল বিক্রি বন্ধ হয়ে যেতে পারে। রোববার (২২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিপো থেকে চাহিদার তুলনায় অত্যন্ত কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে, যা দিয়ে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এর ফলে পাম্প কর্মীদের ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে।
নিরাপত্তাহীনতার অভিযোগ:- সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গভীর রাতে সংঘবদ্ধভাবে ‘মব’ সৃষ্টি করে পাম্প মালিকদের জোরপূর্বক তেল দিতে বাধ্য করা হচ্ছে। ঠাকুরগাঁওয়ের একটি ঘটনার উদাহরণ টেনে জানানো হয়, সেখানে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে পাম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। বর্তমানে পাম্পগুলোতে ন্যূনতম নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছেন মালিকরা।
ট্যাংকার লুটের আশঙ্কা:- মালিকরা আরও জানান, শুধু পাম্প নয়, ডিপো থেকে তেল পরিবহনের সময়ও পথে ট্যাংক-লরি বা ট্যাংকারগুলো লুট হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্র যদি দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত এবং পাম্প ও লরিগুলোর নিরাপত্তা প্রদান না করে, তবে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ খোলা থাকবে না।
