ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় স্থবিরতার অভিযোগ তুলে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। ভারতের পশ্চিমবঙ্গে আটক আসামিদের দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার পর বাংলাদেশ সরকারের ‘নিষ্ক্রিয়তায়’ উদ্বেগ জানিয়ে মধ্যরাতে ৬ দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২২ মার্চ) রাত ১১টা ৩০ মিনিটে সংগঠনটির মুখপাত্র আব্দুল্লাহ আল জাবেরের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর অবস্থান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ১৪ দিনের প্রথম রিমান্ড শেষে আসামিদের পুনরায় ১৪ দিনের হেফাজতে নেওয়া হলেও তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।
ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি:–
১. জরুরি ভিত্তিতে প্রত্যাবাসন:– পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে কাজ শুরু করতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটি জনগণের পক্ষ থেকে দেওয়া আল্টিমেটাম।
২. নিরপেক্ষ তদন্ত কমিটি:– হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ডদের আড়াল করার চেষ্টা রুখতে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।
৩. পালিয়ে যেতে সহায়তাকারীদের শনাক্ত:- আসামিরা কাদের মদদে সীমান্ত পাড়ি দিল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বা স্থানীয় প্রভাবশালীরা জড়িত কি না, তা তদন্ত করে নাম জনসমক্ষে প্রকাশ ও গ্রেপ্তার করতে হবে।
৪. বিশেষ আইনি সেল গঠন:– ভারতের ‘ইউএপিএ’ আইনের গ্যাঁড়াকলে পড়ে বিচার যেন দীর্ঘায়িত না হয়, সেজন্য বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠন করে ১৫ দিনের মধ্যে খুনিদের ফেরানোর আইনি জটিলতা নিরসন করতে হবে।
৫. সরাসরি সম্প্রচারিত ওপেন ট্রায়াল:- বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে ‘ওপেন ট্রায়াল সিস্টেম’-এর মাধ্যমে, যা জাতীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
৬. কঠোর কর্মসূচির হুঁশিয়ারি:– আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের ফেরানোর দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা না করা হলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনকিলাব মঞ্চ।
বিবৃতিতে আরও বলা হয়, রাজপথ থেকে জন্ম নেওয়া এই সংগঠন শহীদের রক্তের সাথে কোনো আপস করবে না।
