ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে দোকান বরাদ্দ ও টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগর ভবন চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহমানের অভিযোগ, সুন্দরবন স্কয়ার মার্কেটে দোকান পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন দোকান মালিক সমিতির নেতা নাজমুল। সোমবার নাজমুল নগর ভবনে অবস্থান করছেন খবর পেয়ে চাঁদপুর থেকে আসা আব্দুর রহমান তাঁর লোকবল নিয়ে সেখানে উপস্থিত হন এবং পাওনা টাকা ফেরত চান। এ সময় নাজমুল, তাঁর শ্বশুর ও সহযোগীরা মিলে আব্দুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায় বলে দাবি করা হয়েছে।

আহত ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, “দোকান নেওয়ার জন্য নিজের শেষ সম্বল বিক্রি করে টাকা দিয়েছিলাম। আজ টাকা ফেরত চাইতে এসে নিজ চোখে দেখলাম কীভাবে আমাকে মারধর করা হলো।”

তবে হামলার অভিযোগ অস্বীকার করে নাজমুল বলেন, আব্দুর রহমান ভিত্তিহীনভাবে দোকানের মালিকানা দাবি করছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই সিটি করপোরেশনের নিজস্ব নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *