ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নবনির্মিত একটি সড়কে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। কার্পেটিং করার পরপরই হাত দিয়ে টান দিলে কিংবা পায়ের ঘষায় পিচঢালাই উঠে আসছে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।
উপজেলার কাঁঠাল ইউনিয়নের দরিকাঁঠাল থেকে কাজীরশিমলা পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ চলছে। ১ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৮৪ টাকা ব্যয়ে এই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রহমান এন্টারপ্রাইজ’। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ইটের ওপর থাকা ধুলোবালি পরিষ্কার না করেই দায়সারাভাবে বিটুমিন ও কার্পেটিং করায় তা স্থায়ী হচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, এক কিলোমিটার সড়কের প্রায় ৪০০ মিটার অংশে কার্পেটিং শেষ হয়েছে। কিন্তু স্থানীয়রা হাত দিয়ে টান দিতেই কার্পেটিং কার্পেটের মতো উঠে আসছে। স্থানীয় বাসিন্দা সাইদুল ও আজিজ মিয়া জানান, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে তড়িঘড়ি করে কাজ শুরু হয়। অনিয়ম করে সরকারি টাকা লুটপাট করতেই এভাবে দায়সারা কাজ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সড়কটি পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) যুবায়েত হোসেন। পরিদর্শনকালে কর্মকর্তারা কাজের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলে উপস্থিত এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানান।
উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন দাবি করেন, “কাজে কোনো অনিয়ম হয়নি, স্থানীয়রা না বুঝে ঢালাই দেওয়ার পরের দিনই তা তুলে ফেলেছে।” অন্যদিকে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, “কার্পেটিং তুলে ফেলা অন্যায়। কোনো অনিয়ম পাওয়া যায়নি।”
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রাজু আহমেদ অনিয়মের অভিযোগ অস্বীকার করলেও এলাকাবাসী পুনরায় মানসম্মত কাজের দাবি জানিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
