বাংলাদেশের জিমন্যাস্টিক্স ইতিহাসের অন্যতম পথিকৃৎ এবং দেশের প্রথম নারী জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি আর নেই। সোমবার (৪ মে) দুপুর ২টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
খুরশিদা আক্তার খুশি বাংলাদেশের নারী জিমন্যাস্টিক্সের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। দেশের নারীদের এই কঠিন ও শৈল্পিক খেলায় সম্পৃক্ত করতে তিনি আজীবন অনুপ্রেরণা জুগিয়েছেন। ক্রীড়াক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাঁকে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার’-এ ভূষিত করা হয়।
কেবল খেলার মাঠেই নয়, ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসেও তাঁর নাম জড়িয়ে আছে বিশেষভাবে। ক্রীড়া বিষয়ক জনপ্রিয় পাক্ষিক পত্রিকা ‘ক্রীড়া জগত’-এর প্রথম সংখ্যার প্রচ্ছদে তাঁর ছবি প্রকাশিত হয়েছিল। কর্মজীবনে প্রচারবিমুখ এই নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদ সবসময় নীরবে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সহকর্মী এবং দেশের ক্রীড়াপ্রেমীরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁরা বলেন, খুরশিদা আক্তার খুশির অভাব দেশের জিমন্যাস্টিক্স অঙ্গনে কখনো পূরণ হওয়ার নয়।
